Apple এর নতুন iPhone নিয়ে সাধারণত ক্রেতাদের আগ্রহ থাকে Camera, Design আর নতুন Feature নিয়ে। কিন্তু iPhone 18 Pro উন্মোচনের ঠিক আগে বিনিয়োগকারীদের চিন্তা অন্য জায়গায়। নতুন iPhone এর দাম কতটা বাড়বে এবং সেই দাম বিক্রিতে প্রভাব ফেলবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
MacRumors এর প্রতিবেদন অনুযায়ী, KeyBanc Capital Markets মনে করছে Apple এর ৯ সেপ্টেম্বরের Event কোম্পানিটির শেয়ারের জন্য নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে।
দাম বাড়লেই তৈরি হতে পারে সমস্যা
KeyBanc এর ধারণা অনুযায়ী, iPhone 18 Pro এর দাম ১৫০ ডলার এবং Pro Max এর দাম ২০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। সে হিসাবে যুক্তরাষ্ট্রে Pro মডেলটি ১,২৪৯ ডলার এবং Pro Max ১,৩৯৯ ডলার থেকে শুরু হতে পারে। এগুলো অবশ্য Apple এর ঘোষণা করা দাম নয়, বিশ্লেষকদের পূর্বাভাস।
দাম বাড়ানোর পেছনে যন্ত্রাংশের বাড়তি খরচ বড় কারণ হতে পারে। Apple যদি সেই খরচ সামলাতে দাম বাড়ায়, তাহলে কিছু ক্রেতা নতুন iPhone কেনা পিছিয়ে দিতে পারেন। আবার দাম না বাড়ালে কোম্পানির লাভের হার চাপে পড়তে পারে।
iPhone বিক্রিও কম হতে পারে
KeyBanc আরও ধারণা করছে, ২০২৬ সালের শেষ এবং ২০২৭ সালের শুরুর সময় মিলিয়ে প্রায় ৮ কোটি iPhone 18 সিরিজের ডিভাইস তৈরি হতে পারে। আগের বছরের একই সময়ের প্রায় ৯ কোটি ১০ লাখ ইউনিটের তুলনায় এটি কম। তবে এর একটি বড় কারণ হলো এবার সাধারণ iPhone 18 একই সময়ে বাজারে আসছে না।
এদিকে Apple এর নতুন Foldable iPhone নিয়েও বড় প্রত্যাশা রয়েছে। অন্য বিশ্লেষক প্রতিষ্ঠান Morgan Stanley মনে করছে, Foldable iPhone এর চাহিদা শক্তিশালী হতে পারে এবং এটি Apple এর জন্য বড় আয়ের সুযোগ তৈরি করতে পারে।
তাই ৯ সেপ্টেম্বরের Apple Event শুধু নতুন iPhone দেখানোর অনুষ্ঠান নয়। iPhone 18 Pro এর দাম, Foldable iPhone নিয়ে মানুষের আগ্রহ এবং Apple ভবিষ্যতের বিক্রি নিয়ে কী বার্তা দেয়, সেদিকেও বিনিয়োগকারীদের নজর থাকবে।

